ইসলাম টাইমস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আশুগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ চলছে। বুধবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে স্থগিত হওয়া এই তিনটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
ভোটকেন্দ্র তিনটি হচ্ছে- উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই তিনটি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১০ হাজার ৫৭৪ জন।
নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্র তিনটিতে ৩৩৯ জন পুলিশ ও ১৩৬ জন আনসার এবং দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। তিনটি কেন্দ্রে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, এ আসন মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ছেড়ে দেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ১৩ জন।
















