‘তারা ভালো আছে, এটিই আমার ভালো লাগার বিষয়’

ইসলাম টাইমস ডেস্ক : বর্তমানে মা ও শিশু উভয়ে ‘আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে’ সুস্থ এবং ভালো রয়েছেন। তাদের প্রাণটা রক্ষা করতে পেরেছি, এটিই ভালো লাগার বিষয়- এভাবেই এক নবজাতক ও তার মানসিক ভারসাম্যহীন মাকে ফুটপাথ থেকে হাসপাতালে তুলে দিয়ে আনন্দ প্রকাশ করেন পুলিশের এস আই মাসুদুর রহমান।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার জাতি-তাত্ত্বিক জাদুঘরের পাশে প্রামীণফোন সেন্টারের সামনের সড়কের ফুটপাত থেকে তাদের উদ্ধার করা হয়।

মাসুদুর রহমান বলেন, প্রচণ্ড শীতের রাতে এ নারী নালার পাশে ফুটপাতে সন্তান প্রসব করেন। মায়ের নাড়িতে আবদ্ধ হয়ে থাকা সদ্যোজাত শিশুটি কাঁদছিল।

শারীরিকভাবে দুর্বল হওয়ায় পথচারীদের কাছে তাদের বাঁচানোর আকুতি জানায় মা হওয়া এই নারী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। নতুন কাপড় এনে তাতে মুড়িয়ে শিশুটিকে কোলে তুলে নেন এসআই মাসুদুর রহমান।

গুরুতর অসুস্থ মা-সন্তানকে দ্রুত গাড়িতে তুলে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান তিনি।

চিকিৎসকরা জানান, হাসপাতালে নিতে যদি আধাঘণ্টা দেরি হতো তাহলে নবজাতক কন্যাটির প্রাণ বাঁচানো যেত না।

পুলিশ জানায়, প্রসূতি মহিলাটি আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ভিক্ষা করতেন এবং ফুটপাতেই থাকতেন। সে মানসিক ভারসাম্যহীন ছিল। স্থানীয়রা কেউ তার নাম ও ঠিকানা জানাতে পারেননি।

পূর্ববর্তি সংবাদনতুন মন্ত্রীরা বাসযোগে টুঙ্গিপাড়ার পথে
পরবর্তি সংবাদআটককৃত ছাত্রদের মুক্তির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ