বঙ্গবন্ধুর সমাধি যিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রীরা

 

ইসলাম টাইমস ডেস্ক: ৩০ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি যিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা।

বুধবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধি যিয়ারত করেন ও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। তবে মন্ত্রিসভার সদস্যদের বহনকারী গাড়ি না পৌঁছায় তারা এ সময় উপস্থিত থাকতে পারেননি।

সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর সমাধি সংলগ্ন মসজিদে মিলাদের আয়োজন করা হয়।

মন্ত্রিসভার সদস্যদের বহনকারী গাড়ি টুঙ্গিপাড়ায় পৌঁছতে দেড়টা বেজে যায়। তখন মন্ত্রীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী আবারো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পৌনে ১২টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। আর মন্ত্রীরা টুঙ্গিপাড়ায় যান বাসযোগে।

 

পূর্ববর্তি সংবাদপোশাক-শ্রমিকদের আন্দোলন আজও চলছে : ১০ কারখানা ভাঙচুর, শতাধিক বন্ধ, পুলিশের টিয়ারশেল, আহত ২০
পরবর্তি সংবাদপোশাক-শ্রমিকদের চলমান আন্দোলনকে সরকার ভয়ের চোখে দেখছে: মির্জা ফখরুল