নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, চীনে চলমান মুসলিম নির্যাতনের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের উচিত চীন রাষ্ট্রদূতকে ডেকে এনে কঠোর প্রতিবাদ করা।
চীনের উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে যুব মজলিস আয়োজিত এক মিছিল পরবর্তী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
মিছিলটি আজ বৃহস্পতিবার বাদ আসর মুহাম্মাদপুরের আল্লাহ করীম মসজিদ থেকে শুরু হয়ে টাউনহলে গিয়ে শেষ হয়।
মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, চীন সরকার উইঘুর সম্প্রদায়ের উপর ইতিহাসের বর্বরতম নির্যাতন চালাচ্ছে। তারা আশ্রয় শিবির প্রতিষ্ঠা করে সেখানে মুসলিমদের ধর্মান্তরিত করতে বাধ্য করছে। মুসলিম নারীদের রাস্তাঘাটে প্রকাশ্যে হিজাব খুলে লাঞ্চিত করছে। এমনকি মুসলিম নারীদের জোরপূর্বক বৌদ্ধদের সাথে বিবাহ দিয়ে তাদের গর্ভে অমুসলিম সন্তান জন্ম দেয়ার মত অমানবিক কার্যক্রম পরিচালনার সংবাদ প্রকাশ পেয়েছে। অথচ বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর মাধ্যমেই চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে। এসময় তিনি মুসলিম দেশগুলোর অভিভাবক সংগঠন হিসেবে ওআইসিকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারেরও উচিৎ তাদের রাষ্ট্রদূতকে ডেকে কঠিন প্রতিবাদ জানানো। অবিলম্বে চীনকে এই নির্যাতন বন্ধ করতে হবে। অন্যথায় চীন দূতাবাস ঘেরাও করা হবে বলে তিনি হুঁশিয়ারি করেন।
সংগঠনটির মহানগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলামের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, ঢাকা মহানগর দায়িত্বশীল মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা রূহুল আমীন মাওলানা মুর্শিদ সিদ্দিকী প্রমুখ।
















