জাহাঙ্গীরনগরে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় বাধা, মারধরের শিকার ৮ শিক্ষার্থী

ইসলাম টাইমস ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রী উত্ত্যক্ত করা এবং তার প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন এক ছাত্রীসহ ৮ শিক্ষার্থী। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। হামলাকারী ও আহত সবাই বিশ্ববিদ্যালয়ের  প্রথম বর্ষের শিক্ষার্থী।

বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার এক শিক্ষার্থী জানান, অর্থনীতি বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জেরে এ ঘটনা ঘটেছে। আহতরা সবাই অর্থনীতি বিভাগের ৪৭তম আবর্তন বা প্রথম বর্ষের শিক্ষার্থী।

তারা জানায়, বন্ধুর জন্মদিন পালন শেষে অর্থনীতি বিভাগের আট শিক্ষার্থী বটতলায় খাবার খাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের কয়েক শিক্ষার্থী মেয়েদের নিয়ে অশালীন মন্তব্য করছিলেন। এর প্রতিবাদে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।  এরপর খাবার খেয়ে হলে ফেরার পথে বটতলার ভাসানী হলসংলগ্ন রাস্তায় পৌঁছলে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের সোহান, তামিম ও প্রত্নতত্ত্ব বিভাগের মায়িদসহ ২০-২৫ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সেখানে এক ছাত্রীর নাকে আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ হামলায় উপস্থিত আটজনই মারধরের শিকার হন। তিনজনের অবস্থা গুরুতর। হামলাকরীরা সবাই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ও বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী।

এ হামলার বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, খবর পেয়ে আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। যত দ্রুত সম্ভব এ ঘটনা তদন্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ২১ মৃতদেহ উদ্ধার
পরবর্তি সংবাদ৭ দিনের মধ্যে সড়কের শৃঙ্খলা ফিরবে : ওবায়দুল কাদের