এবার ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের সময় বেঁধে দিলেন বদি

ইসলাম টাইমস ডেস্ক: বদি নিজেই এবার আত্মসমর্পণের সময় বেঁধে দিলেন ইয়াবা ব্যবসায়ীদের। কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবা ব্যবসায় জড়িত অপরাধীদের আগামী ৫ দিনের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানান কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সদ্য সাবেক আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি।

শুক্রবার বিকেলে টেকনাফে বদির স্ত্রী নব নির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তারের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ স্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি এ আহ্বান জানান।

বদি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী চলমান অভিযানে এলাকার অনেক ইয়াবা কারবারি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এতে অনেক মা-বাবা আজ তার ছেলে, স্ত্রী তার স্বামী, সন্তান তার বাবা হারিয়েছে। সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের কথা চিন্তা করে ইয়াবা ব্যবসায়ীদের সংশোধনের জন্য সরকার একটি সুযোগ দিতে চায়। যদি ইয়াবা ব্যবসায়ীরা সরকারের কাছে আত্মসমর্পণ করে তবে তাদের অপরাধ শর্ত সাপেক্ষে সরকার বিবেচনা করবে। অন্যথায় কোনও ইয়াবা ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন,এজন্য ইয়াবা ব্যবসায়ীদের নিজেদের অপরাধ স্বীকার করে সরকারের কাছে আত্মসমর্পণের প্রস্তুতি গ্রহণ করে আগামী ৫ দিনের মধ্যে তালিকা ও তালিকার বাইরে থাকা ইয়াবা ব্যবসায়ীদের যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

ইয়াবা নিজের ও টেকনাফের সাধারণ মানুষে জন্য কলঙ্ক হয়ে এসেছে উল্লেখ করে টেকনাফের নতুন নারী এমপির এই স্বামী বলেন, বিনা দোষে তাদের এই দুর্নামের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে। টেকনাফকে সম্পূর্ণ ইয়াবামুক্ত করতে আমি প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছি।

সংবর্ধনা অনুষ্ঠানে কক্সবাজার-৪ -এর সংসদ সদস্য শাহিন আক্তার বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এমএইচ ইউনুছ বাঙ্গালী প্রমুখ।

পূর্ববর্তি সংবাদশনিবারও ঢাকার রাস্তায় পোশাক-শ্রমিকরা, লাঠিচার্জ-জলকামান, যান চলাচল বন্ধ বিভিন্ন পথে
পরবর্তি সংবাদজোর করে ক্ষমতায় থাকাটা এই ম্যান্ডেটহীন সরকারের জন্য হবে বিবিধ অমঙ্গলের উৎস: রিজভী