মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার ভোর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আবু বকরের সহকর্মীরা জানান, ভোরে ধানমণ্ডির বাসায় তিনি স্ট্রোক করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মঙ্গলবার জোহরের পর ধানমণ্ডির তাকওয়া মসিজদে আবু বকরের জানাজা হয়।

সাংবাদিক আবু বকর ১৯৬৪ সালের ২১শে জুন ঢাকার গ্রিন রোডে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে পড়ালেখা করেন। ১৯৯১ সালে সাপ্তাহিক প্রত্যায়ন পত্রিকায় তার সাংবাদিকতার শুরু। পরের বছর যোগ দেন সাপ্তাহিক খবরে। ১৯৯৫ সালে সহযোগী সম্পাদক হিসেবে যোগ দেন আজকের কাগজে।

আজকের কাগজ বন্ধ হয়ে গেলে ২০০৯ সালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে আমাদের সময়ে যোগ দেন আবু বকর। এরপর সকালের খবর ও সমকালের বার্তা সম্পাদক হিসেবেও কিছুদিন কাজ করেন।

২০১২ সালে আবু বকর বার্তা সম্পাদক হিসেবে দৈনিক মানবকণ্ঠে যোগ দেন, ২০১৭ সালে হন নির্বাহী সম্পাদক। ওই বছর সেপ্টেম্বর থেকে তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পূর্ববর্তি সংবাদজার্মানিতে ধর্মঘটের কবলে শত শত ফ্লাইট বাতিল
পরবর্তি সংবাদবড় ধরনের সহিংসতার কবলে রাখাইন