ইসলাম টাইমস ডেস্ক : জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি পদ থেকে মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি পদত্যাগ করেছেন। গতকাল ১৬ জানুয়ারি দলীয় সভাপতি মাওলানা কারী উসমান মানসুরপুরী বরাবর দলীয় প্যাডে পাঠানো এক চিঠিতে তিনি তার পদত্যাগের কথা জানান।
সংক্ষিপ্ত এই পদত্যাগপত্রে তিনি লিখেছেন, নিজের সমস্ত অযোগ্যতার কারণে এবং ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি জমিয়তের সমস্ত দায় দায়িত্ব থেকে পদত্যাগ করলাম৷
তবে এই বিষয়ে মাওলানা মাহমুদ মাদানির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠজনের সূত্রে ভারতীয় গণমাধ্যম বলছে, তিনি শুধু সেক্রেটারি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন। দলের সাধারণ সদস্য পদ ও স্থায়ী কমিটির নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেননি।
শেষ খবর পাওয়া পর্যন্ত মাওলানা মাহমুদ মাদানির পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।
মাওলানা মাহমুদ মাদানি তার পিতা মাওলানা আসাদ মাদানি রহ.-এর সময় থেকেই জমিয়তে উলামায়ে হিন্দে সক্রিয় ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি কেন্দ্রীয় দায়িত্বশীল হন। ২০০৮ সালে জমিয়তে উলামায়ে হিন্দ ভেঙ্গে যাওয়ার পর মাওলানা কারী উসমান মানসুরপুরী জমিয়তের সভাপতি এবং তিনি সেক্রেটারি জেনারেল মনোনীত হন।
২০০৮ সালে আপন চাচা মাওলানা আরশাদ মাদানীর সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে জমিয়তে উলামায়ে হিন্দ বিভক্ত হয়ে যায়।
তার পদত্যাগকে জমিয়তে উলামায়ে হিন্দের বিভক্ত দুই অংশের সমঝোতার ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই। তবে অতীতের ঐক্য প্রচেষ্টা বারবার ব্যর্থ হওয়ায় তার পদত্যাগে ঐক্যের পথ খুলবে সে কথাও জোর দিয়ে বলা যাচ্ছে না।
চিঠিতে ব্যবহৃত তার শব্দের কারণে অনেকেই ধারণা করছেন মাওলানা মানসুরপুরীর সাথে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করেছেন।
সূত্র : ভারতীয় গণমাধ্যম ডেইলি সিয়াসাত, নিউজ১৮ ও সত্য স্বদেশ
















