সুবর্ণচরের নির্যাতিত নারী ১৭ দিন পর বাড়ি ফিরলেন

ইসলাম টাইমস ডেস্ক:  ভোটের দিন গণধর্ষণের শিকার নোয়াখালী সুবর্ণচর উপজেলার সেই নারী (৪০) চিকিৎসা শেষে ১৭ দিন পর বাড়ি ফিরেছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ছেড়ে যান তিনি।

তবে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নিরাপত্তা নিয়ে সেই নারীর পরিবারের সদস্যরা শঙ্কা বোধ করছেন বলে খবরে প্রকাশ।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ওই নারী গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছান। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল তার সঙ্গে যান। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হলে নির্যাতনের শিকার নারীর পরিবারকে তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশকে জানাতে বলা হয়।।

চরজব্বর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে পরিবারটির শঙ্কায় থাকার কোনো কারণ নেই।

এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। ভবিষ্যতেও তার প্রয়োজনীয় চিকিৎসার আশ্বাস দেন চিকিৎসকেরা।

নির্যাতনের শিকার ওই নারী বুধবার সাংবাদিকদের বলেন, তিনি এখন আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন। বাড়িতে যেতে পারবেন। তবে স্বামী ও ছেলের নিরাপত্তা নিয়ে তার ভেতর ভয় কাজ করছে। তাই তিনি সরকারের কাছে নিরাপত্তা চান।
ওই নারীর স্বামী বলেন, তাঁর স্ত্রীর অবস্থা এখন ভালো। তিনি নিজেই বাড়ি যেতে চান। তবে এলাকার কিছু লোক ‘সরকার-প্রশাসন কয়দিন থাকবে’ বলে তাঁকে হুমকি দিচ্ছে।

গত ৩০ ডিসেম্বর রাতে স্বামী-সন্তানদের বেঁধে রেখে ওই নারীকে মারধর ও ধর্ষণ করা হয়। পরদিন ৩১ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন তার স্বামী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে চরজব্বর থানায় মামলা করেন।

পূর্ববর্তি সংবাদতাবলিগ ইস্যুতে ছাত্রদের সতর্ক করে দারুল উলুম দেওবন্দে বিশেষ নির্দেশনা জারি
পরবর্তি সংবাদইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন