নেত্রকোনার গ্রামে-গঞ্জে চলছে চুরি-ডাকাতি ও রহস্যজনক অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা জেলায় আকস্মিকভাবেই বেড়ে গেছে চুরি, ডাকাতি ও রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা। জেলায় বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই চুরি-ডাকাতিসহ ত্রাস ‍সৃষ্টিকারী ঘটনা ঘটছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের ভেতর। নেত্রকোনা জেলার একাধিক বাসিন্দার সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

তারা বলছে, প্রায় প্রতি রাতেই কোনো না কোনো চুরি-ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। কে বা কারা করছে তা নিশ্চিত করে বলতে পারছে না স্থানীয়রা। তবে স্থানীয় প্রভাবশালী মহলের প্রশ্রয়ে এসব ঘটনা ঘটতে পারে বলে ধারণা অনেকের। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা।

গতকাল ১৯ জানুয়ারি নেত্রকোনা জেলার দুর্গাপুরের দেউসিংহার বড় বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যরাতে সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকার সাবেক প্রিন্সিপাল অধ্যাপক সিরাজউদ্দিন আহমদের ঘরের সামনে খেড়ের পালায় আগুন ধরিয়ে দিয়ে যায় কে বা কারা।

প্রতিবেশী হাফিজুর রহমান প্রকৃতিক ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠলে আগুন দেওয়ার বিষয়টি টের পান এবং অন্যদের ডাকাডাকি করেন। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বড় বাড়ির লোকেরা।

এর আগে ১২ জানুয়ারি শনিবার দুর্গাপুরের পার্শবর্তী ধোবাউরা থানার সরকারি কলেজের কাছে মাওলানা রফিক উল্লাহর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির গেট ভেঙ্গে ঘরে ঢুকে ৫ ভরি স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে যায় ডাকাতরা। মাওলানা রফিকুল্লাহ দেশের বাইরে থাকেন এবং তার স্ত্রীও ঘটনার দিন রাতে বাড়িতে ছিলেন না। ডাকাত দল গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে এবং ভাড়াটিয়াদের জিম্মি করে, তালা ভেঙ্গে ভেতরে স্বর্ণ, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় ধোবাউড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এর একদিন আগে ১১ জানুয়ারি নেত্রকোনার হাপানিয়া-কমলাকান্দা গ্রামে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। আনুমানিক রাত ৩টায় গ্রামের হাজি আবদুল বারির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চোর মোবাইল, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এসব ঘটনা ঘটছে। পুলিশ এই ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় অপরাধীরা দিনদিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

পূর্ববর্তি সংবাদইজিবাইক থেকে পড়ে শিশুর মৃত্যু
পরবর্তি সংবাদজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদপান করা অবস্থায় ৩ ছাত্রীসহ ঢাবির ৬ শিক্ষার্থী আটক