হুইল চেয়ারে বসিয়ে আদালতে আনা হলো খালেদা জিয়াকে

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ হুইল চেয়ারে বসিয়ে আদালতে হাজির করা হয়েছে। নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের জন্য তাকে হাজির করা হয়।

সোমবার দুপুর সাড়ে ১২টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে হাজির হন তিনি।

১৩ জানুয়ারি ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এদিন ধার্য করেছিলেন। ওই দিন মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। সেই সঙ্গে খালেদা জিয়াসহ সব আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়।

১৩ ডিসেম্বর এ মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আংশিক অভিযোগ গঠন শুনানি হয়। ওই দিন তার (মওদুদ) পক্ষে শুনানি শেষ না হওয়ায় বিচারক ২১ জানুয়ারি দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এমএএইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

পূর্ববর্তি সংবাদভূমধ্যসাগরে ২টি পৃথক নৌকা ডুবি, ১৭০ শরণার্থী নিহত
পরবর্তি সংবাদমালিবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা সিদ্দিকুর রহমান-এর জানাযা ও দাফন সম্পন্ন