নিজস্ব প্রতিবেদক : আজ তাবলিগ ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করেননি উলামায়ে কেরাম। তবে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের পদস্থ কর্মকর্তাগণ এবং সাদপন্থী তাবলিগের সাথীরা উপস্থিত ছিলেন।
একই ইস্যুতে আগামী বুধবার আবারও বৈঠক হবে বলে জানা গেছে।
বৈঠকে অংশগ্রহণকারী কারওয়ান বাজার আম্বর শাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাজহারুল ইসলাম ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ বিকেল সাড়ে ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শুরু হয় এবং সাড়ে চারটায় শেষ হয়।
তিনি বলেন, সরকার পক্ষীয় এবং সাদপন্থী যারা অন্যান্য বৈঠকে অংশগ্রহণ করেন তারা সবাই অংশগ্রহণ করেছেন। কিন্তু উলামায়ে কেরামের মধ্য থেকে কেউ বৈঠকে আসেননি।
তবে উলামায়ে কেরাম কেন অংশগ্রহণ করেননি সে বিষয়ে কোনো মন্তব্য করেননি মাওলানা মাজহারুল ইসলাম।
আরও পড়ুন : বাংলাদেশের প্রতিনিধি দলকে দারুল উলুম দেওবন্দের আনুষ্ঠানিক আমন্ত্রণ
তিনি আরও জানান, উলামায়ে কেরাম অংশগ্রহণ না করায় ইজতেমার তারিখ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দেওবন্দ সফর হবেও, ইজতেমাও হবে। এতে কোনো সন্দেহ নেই।
এই বিষয়ে যোগাযোগ করলে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি বলেন, ‘সাড়ে ৩টায় বৈঠক আর আমাদের জানানো হয় ঠিক জোহরের আগ মুহূর্তে আমরা কীভাবে অংশগ্রহণ করবো?’
তিনি আরও বলেন, ‘আমাদের আগে বলা হলো, দেওবন্দ যাওয়ার আগে ইজতেমা বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না। এখন আবার বলা হচ্ছে, ইজতেমার ব্যাপারে সিদ্ধান্ত হবে। হঠাৎ কেন সিদ্ধান্ত পরিবর্তন হলো তাও আমাদের বোধগম্য নয়। আমরা চাই, দেওবন্দ থেকে ফেরার পর ইজতেমা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।’
আরও পড়ুন : প্রতিনিধি দলের দেওবন্দ সফর নিয়ে অপপ্রচার, দারুল উলুমের প্রতিবাদ
















