আওয়ামী লীগের দুর্দিনে আমরাও সাথে ছিলাম: ওলামা লীগ

ইসলাম টাইমস ডেস্ক : ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেছেন, আমরা দলের জন্য জীবনবাজি রেখে কাজ করেছি। দলের যখন দুর্দিন তখনও আমরা ছিলাম। আপনারা সাংবাদিকরা দেখেছেন। ‘১/১১’ বলেন আর ‘৩০ এপ্রিল ডেটলাইন’ বলেন— সব জায়গায় আমরা ছিলাম।

সোমবার (২১ জানুয়ারি) রাতে ঢাকার একটি গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, সোমবার (২১ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী ওলামা লীগ নামের সংগঠনের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে জানায় বাংলাদেশ আওয়ামী লীগ।

এ বিষয়ে জানতে চাইলে আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, ‘‘আমাদের কার্যক্রম বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নিজে বলেন নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তখন আমরা দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাদের বলেছেন— ‘আপনাদের দোয়ায় ক্ষমতায় এসেছি, আলেম-ওলামাদের দোয়ায় ক্ষমতায় এসেছি।’ প্রধানমন্ত্রী আমাদের খুব অন্তর দিয়ে ভালোবাসেন। কিছু মানুষ এগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি করে।’’

মাওলানা মো. আবুল হাসান শেখ বলেন, ‘‘যারা দুর্দিনে রাজপথে ছিল, তাদের নিয়ে কথা বলুক, তাদের ডাকুক। ডেকে নিয়ে বসে যদি প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এই সংগঠন করবেন না, অন্য সংগঠন করুন।’ আমরা বলবো— আলহামদুলিল্লাহ।’’

সংগঠনে নিজেদের ভেতরকার দ্বন্দ্ব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ভেতরে কোনও ভাগ নাই। আমাদের ঋণ আওয়ামী লীগ কোনোদিন শোধ করতে পারবে না। আমরা এত জীবনবাজি রেখে কাজ করেছি, দুর্দিনেও দজ্জাল লোকেরা ‘জয় বাংলা’ বলেছে, তখনও আমরা ছিলাম। আপনারা সাংবাদিকরা দেখেছেন। ‘১/১১’ বলেন আর ‘৩০ এপ্রিল ডেডলাইন’ বলেন— সব জায়গায় আমরা ছিলাম। আমাদের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ।

ওলামা লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, জয় বাংলা বলার কারণে আমরা ৩-৪ বার গ্রেফতার হইছি। তখন জলিল সাহেব, নাসিম সাহেব আমাদের ছুটাইছেন। প্রত্যেকটা হরতাল, মিছিল মিটিংয়ে আমাদের ডাকতো। আজকে আমাদের অস্বীকার করে! যাক যে যা করবে, আল্লাহও তার পক্ষ থেকে করবে। কিন্তু আওয়ামী লীগ করি আমরা, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো করে জানেন। আমরা কিছু করবো না, আমরা কথাও বলবো না। আমরা আস্তে আস্তে চেষ্টা করবো প্রধানমন্ত্রীকে বুঝানোর জন্য। যদি আমাদের ডাকেন, আমরা যাবো।

তিনি আরও বলেন, ‘আমরা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবসময় কাজ করে যাচ্ছি। স্বাধীনতার স্বপক্ষে আমরা ওলামা মাশায়েখরা আছি। আমরা ২০০১ সাল থেকে ছিলাম, এখনও আছি। আমরা আওয়ামী লীগের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ মেনে চলবো।’-বাংলা ট্রিবিউন

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে সামরিক ঘাঁটিতে হামলায় নিহত ১২৬
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে জামাতার হাতে শ্বশুর খুন