ইসলাম টাইমস ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যে প্রায় শতাধিক খ্রিস্টান ধর্মালম্বীকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে দাবি করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ।
রবিবার ত্রিপুরার উনাকোটি জেলার কৈলাশহরে তারা ধর্ম বদল করেন। ঝাড়খন্ড ও বিহারের ২৩ টি আদিবাসী পরিবারের এই সদস্যদের অধিকাংশই শ্রমিক শ্রেণির।
এ ব্যাপারে হিন্দু জাগরণ মঞ্চের নেতা মাখন লাল নাথ জানান, ধর্মান্তরিত হওয়া মানুষগুলো আসলে হিন্দু ধর্মালম্বী। নয় বছর আগে রাচিপাড়ার এই মানুষগুলিকে খ্রিস্টান ধর্মে পরিবর্তন করা হয়েছিল। গত রবিবার তাদের সকলের সম্মতিতেই ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান থেকে হিন্দু হয়েছেন।
তিনি আরও জানান, নতুন করে ধর্মান্তরিত হওয়া ২৩ টি পরিবারের সদস্যরা ঝাড়খন্ড ও বিহারের ওরাও এবং মুন্ডা আদিবাসী সম্প্রদায়ের। ত্রিপুরার সোনামুখি এলাকায় চায়ের বাগানে এই পরিবারের সদস্যরা কাজ করেন।
এদিকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়া বীরসা মুন্ডা নামে এক ব্যক্তির দাবি, প্রলোভন দেখিয়ে তাকে অতীতে ধর্মান্তরিত করা হয়েছিল। আমাদের নিজেদের ইচ্ছাতেই ফের হিন্দু ধর্মে ফিরে আসি।
















