শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জে কাটাবাড়ী ইউনিয়নের বাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাপমারা ইউনিয়নের দুধিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে ইমরামুল হোসেন (২৫)। তিনি গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন। অপরজন কাটাবাড়ী ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের বাসিন্দা জয়নাল আবদিনের ছেলে আজাহার আলী (৫০)।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছিল শ্যামলী পরিবহনের একটি বাস। বাসটি বাগদা এলাকায় পৌঁছলে সামনে থেকে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত হন তিনজন।

আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা আফজাল হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক বাসসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, অভিযোগ রয়েছে, চালকদের বেপরোয়া গতির কারণে শ্যামলী পরিবহন এখন রাস্তায় ভয়ঙ্কর আতঙ্ক হয়ে দাড়িয়েছে। ভুক্তভোগী যাত্রীদের মতে শ্যামলী যেন রাস্তায় সাক্ষাত মৃত্যুদূত। পরিবহনটির বিরুদ্ধে যাত্রীদের সাথে প্রতারণা ও দুর্ব্যবহারেরও অভিযোগ রয়েছে।

পূর্ববর্তি সংবাদখুলনায় মাদক বিরোধী অভিযান, ২৪ ঘন্টায় গ্রেফতার ৩৪
পরবর্তি সংবাদসিরাজগঞ্জ জাতীয় পাটকলে অগ্নিকাণ্ড