আবরার আবদুল্লাহ ।।
আজ তাবলিগ ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ফেব্রুয়ারি মাসে অভিন্ন ইজতেমা অনুষ্ঠিত হবে। আর ইজতেমার তারিখ নির্ধারণ করবেন কাকরাইলের চার শুরা সদস্য। আগামীকাল সকাল সাড়ে ১০টায় ধর্ম মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ইসলাম টাইমসকে এই তথ্য জানান মাওলানা আবদুল কুদ্দুস।
তিনি বলেন, ‘আগামীকাল ধর্ম মন্ত্রণালয়ে ইজতেমার তারিখ নির্ধারণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহসহ কাকরাইলের চার মুরব্বি। তারা হলেন, মাওলানা মুহাম্মদ যোবায়ের, মাওলানা ওমর ফারুক, সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও খান শাহাবুদ্দিন নাসিম।
উল্লেখ্য, তাবলিগ জামাতের চলমান সংকট নিরসনে আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো ইজতেমা করা এবং তাতে মাওলানা সাদের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন সরকারের পদস্থ কর্মকর্তা, উলামায়ে কেরাম ও তাবলিগ জামাতের উভয়পক্ষের প্রতিনিধিরা।
















