মাদারীপুরে ৩ বেসরকারি হাসপাতালের মালিককে সাজা

ইসলাম টাইমস ডেস্ক: মাদারীপুরের টেকেরহাটে ৩টি বেসরকারি হাসপাতালের মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের বিরুদ্ধে অনুমোদন না নিয়ে হাসপাতাল পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেওয়া ও অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে ।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত হাসপাতাল তিনটিতে অভিযান চালায় মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প, জেলা প্রশাসন এবং সিভিল সার্জন অফিসের যৌথ উদ্যোগে সিটি হাসপাতাল, ইউএস মডেল হাসপাতাল এবং রোকেয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন গণমাধ্যমকে জানান, মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ (২) এর ধারা অনুযায়ী, রোকেয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মনিরুজ্জামান মিয়াকে ছয় মাসের এবং সিটি হাসপাতালের মালিক রফিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ইউএস মডেল হাসপাতালের মালিক সৈয়দ জুয়েলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদমিশু জানে না, তার চোখের প্রদীপ আবার জ্বলবে কিনা
পরবর্তি সংবাদফ্লোরিডায় ব্যাংকে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত