নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিশ্ব ইজতেমার ব্যবস্থাপনায় ভারত বা পাকিস্তানের কোনো তাবলিগি মুরব্বি ‘ফায়সাল’ (সিদ্ধান্তদাতা) হবেন না। কাকরাইলের শুরা সদস্যদের মধ্য থেকেই ফায়সাল নির্বাচিত হবেন। আজ ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ইজতেমা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
মুফতি কেফায়াতুল্লাহ আজহারি ইসলাম টাইমসকে এই সিদ্ধান্তের কথা জানান।
আজ বিকাল সাড়ে ৩টায় ধর্ম মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ-এর সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন মাওলানা মুহাম্মদ যোবায়ের, মাওলানা ওমর ফারুক, সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও খান শাহাবুদ্দিন নাসিম। এছাড়াও সরকারের সংশ্লিষ্ট বিভাগের পদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘ইজতেমায় বিদেশি কোন কোন মুরব্বি অংশগ্রহণ করতে পারবেন এবং কারা কারা পারবেন না সে বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি। তবে ইজতেমার ব্যবস্থাপনায় (নজমে) কোনো বিদেশি মুরব্বি ফায়সাল হতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।’
আরও পড়ুন : ধর্ম মন্ত্রণালয়ের বৈঠক : ১৫ ফেব্রুয়ারি ইজতেমা শুরু
ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা ও মাঠের প্রস্তুতি ইত্যাদি বিষয় সামনে নিয়ে আগামী ২৬ জানুয়ারি আবারও বৈঠক করবেন উল্লিখিত ব্যক্তিরা।
আরও পড়ুন : অভিন্ন ইজতেমার ব্যাপারে যেভাবে একমত হলেন তাবলিগের দুই পক্ষ
















