আজ শুক্রবার (২৫ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৭টায় তার ভাষণ প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে এই ভাষণ।
চতুর্থবারের মতো সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ এটি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম (সচিব) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, তিনি আজ দেশবাসীর উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সূত্র আরও জানায়, ইতোমধ্যে তার ভাষণ রেকর্ড করা হয়েছে। এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
















