ইসলাম টাইমস ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেমে-এ কর্মরত এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত রুশ নাগরিকের নাম শেরগিন ভ্যাইলি (৫৯)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নিয়োজিত ‘রোসেম’-এ নিযুক্ত ছিলেন।
পুলিশ বলছে, শুক্রবার সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ২০ তলা আবাসিক ভবন গ্রীণ সিটির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার লাশ ১ নম্বর ভবনের ৫১ নম্বর কক্ষের বাথরুমে পড়েছিলো। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়।
গ্রীণ সিটির মেডিকেল কো-অর্ডিনেটর টিমের চিকিৎসকরা বলেন, ধারণা করা হচ্ছে ভ্যাইলি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেশ কিছুদিন আগে তিনি রূপপুর প্রকল্পের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেমে কাজের জন্য রাশিয়া থেকে বাংলাদেশে আসেন। মরদেহ রাশিয়ায় পাঠানোর আগে ময়না তদন্ত করা হবে বলে জানান তিনি।
















