চট্টগ্রামের স্কুলে দুদক চেয়ারম্যান : শিক্ষক অনুপস্থিত, শিক্ষার্থীরা কাটাচ্ছে অলস সময়

ইসলাম টাইমস ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) ইকবাল মাহমুদ।

তিনি এসব স্কুলের অধিকাংশ শিক্ষককেই অনুপস্থিত পেয়েছেন এবং শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গণে ও বাহিরে চানাচুর খেতে, অলস সময় পার করতে দেখেন।

রোববার সকাল ৮টা ২৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছে ৯টা ১৫ মিনিটেই দুদক চেয়ারম্যান হাজির হন নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে তিনি স্কুলের আটজন শিক্ষকের মধ্যে একমাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদে বাকি সাতজন শিক্ষকই অনুপস্থিত দেখতে পান।

তিনি আরও দেখেন, স্কুল চলাকালীন ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণের আশপাশে আচার-চানাচুর খেয়ে অলস সময় পার করছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুদক চেয়ারম্যান বলেন, যেকোনো মূল্যে শিক্ষাঙ্গনে শিক্ষা নিশ্চিত করা হবে।

এ সময় অভিভাবকরা দুদক চেয়ারম্যানকে কাছে পেয়ে তাদের সন্তানদের শিক্ষা নিয়ে হতাশা ব্যক্ত করেন।

দুদক চেয়ারম্যান তাদের জানান, আমাদের সন্তানদের শিক্ষা নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেয়া হবে না। প্রয়োজনে দুদক দণ্ডবিধির ১৬৬ ধারা প্রয়োগ করবে।

পূর্ববর্তি সংবাদযশোরে এমপির বাড়িসহ ৬ স্থানে বোমা বিস্ফোরণ
পরবর্তি সংবাদঠিক মতো সেবা না দিলে চিকিৎসকদের ওএসডি করা হবে : প্রধানমন্ত্রী