মাত্র ৪৯ দিনে কোরআনের হাফেজ কুমিল্লার রাফসান

সাদ আবদুল্লাহ মামুন ।।

ঝিনাইদহের আহমাদ তাইমিয়ার পর এবার আরও কম সময়ে মাত্র ৪৯ দিনে কোরআনের হাফেজ! কুমিল্লার রাফসান মাহমুদ জিসান মাত্র ৪৯ দিনে কোরআনের হাফেজ! কুমিল্লা শহরের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের হিফজ বিভাগ থেকে হেফজ সম্পন্ন করে রাফসান।

শিশু রাফসানের বয়স ৮ বছর। সে কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার ইউনিয়নের কাশিপুর গ্রামের প্রবাসী বাহার উদ্দিনের ছেলে।

শিক্ষকদের সঙ্গে রাফসান মাহমুদ

প্রতিষ্ঠানটির হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আবুল হাসান গণমাধ্যমকে বলেন, রাফসান মাহমুদ ২০১৬ সালের শেষ দিকে নুরানি পড়া শুরু করে। ২০১৮ সালের নভেম্বরের আগে নাজেরা শেষ করে। এরপর নভেম্বরের ৪ তারিখে কোরআন শরিফ হেফজের সবক শুরু করে। অবাক করার বিষয় হলো, দুই দিনে সে ৩০তম পারাটি পুরো মুখস্থ শুনিয়ে দেয়। আমরা মনে করি রাফসানের এই পারাটি আগে মুখস্থ ছিল। তাই সে দুই দিনেই পড়া শুনিয়ে দিতে পেরেছে। পরের দিন আমরা তাকে কোরআনের প্রথম পারা মুখস্থ করতে দেই। এবারও সে পুরো পারাটি দুই দিনে মুখস্থ করে শুনিয়ে দেয়। এভাবে সে দুই দিনে এক পারা করে মুখস্থ করতে থাকে। ১০ পারা পর্যন্ত এভাবে চলতে থাকে।

তিনি বলেন, এতে আমরা নিশ্চিত হই, রাফসান আর চার-পাঁচটা শিশুর মত নয়। সে অন্যদের থেকে আলাদা। তার মুখস্থ শক্তি প্রখর। এরপর রাফসান ১৪ দিনে ১১ পারা থেকে নিয়ে ২৫তম পারা পর্যন্ত মুখস্থ করে। আর বাকি পারা ৪ দিনে মুখস্থ করে।

রাফসানের শিক্ষক বলেন, আমরা দেখলাম রাফসান ৪৯ দিনে কোরআন শরিফের পুরো ৩০ পারা হেফজ করেছে। সে এখন পুরো কোরআন শোনাচ্ছে।

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক আমিনুল হক বলেন, রাফসান দেশের বিস্ময় বালক। তার মেধা সাধারণের চাইতে অনেক বেশি। প্রসঙ্গত, এর আগে ২৯ দিনে কোরআন মুখস্থ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন পাকিস্তানি তরুণী জুয়াইরিয়া। এবং মাত্র ৬৫ দিনে কোরআনের হাফেজ হয়েছে ঝিনাইদহের আহমাদ তাইমিয়া।

আরও পড়ুন : মাত্র ৬৫ দিনে কোরআনের হাফেজ আহমাদ তাইমিয়া

পূর্ববর্তি সংবাদক্লাসে পড়ানোর ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্য হচ্ছে : হাইকোর্ট
পরবর্তি সংবাদপতিতাবৃত্তি ও ইয়াবার ব্যবসা, ভুয়া স্ত্রীসহ পুলিশের এসআই আটক