বেআইনি অর্থ গ্রহণ : মতিঝিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

ইসলাম টাইমস ডেস্ক: শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি বাবদ বাধ্যতামূলকভাবে বেআইনি অর্থ গ্রহণ ও হয়রানির অভিযোগে মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান শিক্ষককে বরখাস্ত করে।

দুদকের অভিযানে দেখা যায়, অভিভাবকদের নিকট হতে মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান হামিদা বাধ্যতামূলকভাবে বিনা রশিদে এক হাজার থেকে দেড় হাজার টাকা করে নিচ্ছেন। এমনকি হতদরিদ্র ব্যক্তিদের সন্তানদেরও বিনামূল্যে ভর্তি করানো হয়নি বরং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

দুদকের অভিযানে আরও দেখা যায়, ২০১৯ সালে ভর্তি বাবদ ওই প্রধান শিক্ষক এখন পর্যন্ত এভাবে পাঁচ লাখ ৭৭ হাজার টাকা নিয়েছেন।

প্রসঙ্গত, এসব টাকার কোনো আয়-ব্যয়ের হিসাব রাখা হয়নি। প্রধান শিক্ষক দুদকের কাছে অবৈধ অর্থ আদায়ের ঘটনা স্বীকার করেন। এ ঘটনা উদঘাটন হবার পরপরই মহাপরিচালক (প্রশাসন) বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এর পরই প্রধান শিক্ষক নুরজাহান হামিদাকে বরখাস্তের আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

দুদক জানায় তাদের হটলাইনে (১০৬) ভুক্তভোগী অভিভাবকরা গতকাল অভিযোগ জানালে সংস্থাটির মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী তাৎক্ষণিক অভিযান চালানোর নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক নার্গিস সুলতানা ও উপসহকারী পরিচালক মো. সবুজ হাসানের সমন্বিত দল এ অভিযান চালায়।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীর চা চক্রে বিএনপিকে তো বাদ দিতে পারি না: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদবন্ধু, নিজের প্রতি দয়া করুন!