জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ : নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক : জয়পুরহাটে পাঁচবিবি উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহেল রানা (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে পাঁচবিবির কেশবপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

র‌্যাব দাবি করেছে, নিহত সোহেল রানা শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় ১০টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। সোহেল রানা উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মান সরদারের ছেলে।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল রাতে অভিযানে নামে।

পাঁচবিবি উপজেলার কেশবপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী একটি বড় ধরনের মাদকের চালান বেচাকেনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দল রাত সোয়া ২টার দিকে সেখানে যায়। অজ্ঞাতনামা ৪/৫ মাদক ব্যবসায়ীকে দূর থেকে মাদক বেচাকেনা করতে দেখে তাদের আটক যায়।

তখন কথিত মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ীরা অন্ধকারে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে র‌্যাব ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অজ্ঞাতনামা এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।

পরে গুলিবিদ্ধ ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলিসহ একটি ম্যাগাজিন, ৬০ বোতল ফেনসিডিল এবং মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি টর্চলাইট ও তিনজোড়া স্যান্ডেল উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ওই মাদক ব্যবসায়ীকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত সোহেল রানা জয়পুরহাট জেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী এবং ফেনসিডিল পাচারকারী ছিলেন। তার বিরুদ্ধে জয়পুরহাট জেলায় বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে যার সবগুলোই মাদকের মামলা বলে জানায় র‌্যাব। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদফিলিপাইনে মসজিদে ভয়াবহ গ্রেনেড হামলা, নিহত ২
পরবর্তি সংবাদজগদল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর