জোড়া খুনের মামলায় এমপি পিনু খানের পুত্র রনির যাবজ্জীবন

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ইস্কাটনে আলোচিত জোড়া খুনের মামলার রায়ে দশম সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির যাবজ্জীবন আদেশ দিয়েছেন আদালত। রনি এই মামলার একমাত্র আসামী। তার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে আদালত এ রায় দিয়েছেন বলে জানানো হয়।

বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল ঈমাম এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, ”গুলির ঘটনার সময় রনি যে স্বাভাবিক ছিলেন না, মাতাল ছিলেন, তা এ মামলার বিচারে প্রমাণিত হয়েছে। তাই ৩০২ ধারায় অপরাধ প্রমাণিত হলেও আসামির মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল।”

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ওই বছরের ১৫ এপ্রিল একটি মামলা করেন।

২০১৫ সালের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে রনিকে আটক করে ডিবি পুলিশ। পরে ঘটনার তদন্ত করে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশ রনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৬ সালের ৬ মার্চ মামলাটিতে রনির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত অভিযোগ গঠন করে।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ১০ বছর পরপর দেশে নির্বাচনের প্রস্তাব করলেন
পরবর্তি সংবাদদিনাজপুরে বাল্যবিয়ে পড়ানোর দায়ে ইমাম কারাগারে, ছাড় পেলেন আয়োজকরা