নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্বাস্থ্যগত উন্নতি হওয়ায় এখনই বিদেশ যাচ্ছেন না। আপাতত দেশেই তার চিকিৎসা চলবে এবং চিকিৎসকরা পরামর্শ দিলে সামনে বিদেশ যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তার পরিবার ও ঘনিষ্ঠজনরা।
আল্লামা বাবুনগরীর একান্ত সচিব মাওলানা এনামুল হাসান ফারুকী ইসলাম টাইমসকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আল হামদুলিল্লাহ! হজরতের স্বাস্থ্যের উন্নতি দেখা যাচ্ছে। আজ সকালে তার চিকিৎসক বোর্ডের সদস্যরা বৈঠক করেছিলেন। তারা প্রয়োজনীয় কিছু স্বাস্থ্যপরীক্ষা দিয়েছেন। সেগুলো করা হচ্ছে। এসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা যদি মনে করেন তার বিদেশ যাওয়ার প্রয়োজন তাহলে বিদেশের কোনো উন্নত হাসপাতালে চিকিৎসার জন্য যাবেন তিনি।’
মাওলানা এনাম আরও বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, হজরতের স্বাস্থ্যগত অবস্থা এখনও বিদেশ সফরের উপযোগী নয়। স্বাস্থের অবস্থা একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছার আগে তার বিদেশ যাওয়াও উচিৎ হবে না। তাই আপাতত দেশেই হজরতের চিকিৎসা চলবে। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি আল্লামা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার খিদমাহ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পায়ে অপারেশন হয়। আজ (২৯ জানুয়ারি) তাকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি হার্ট, কিডনি, প্রেসার ও বহুমুত্রসহ নানাবিদ রোগে আক্রান্ত। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পাসপোর্ট না থাকায় তা এতোদিন সম্ভব হচ্ছিলো না।
















