আগামীকাল হাইয়াতুল উলয়ার মিটিং, চূড়ান্ত হবে সংবর্ধনার খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া-এর মূল কমিটির মিটিং। মিটিংয়ে হাইয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর অংশগ্রহণের কথা রয়েছে।

আগামীকাল রোববার সকাল ১১টায় যাত্রাবাড়ির ভাঙ্গা প্রেস এলাকায় অবস্থিত বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

একাধিক সূত্রে ইসলাম টাইমস এসব তথ্য জানতে পেরেছে।

বৈঠকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা প্রদানের জন্য দাওয়াত দেয়া, সংবর্ধনার স্থান নির্ধারণসহ সংবর্ধনার সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হবে।

সূত্র জানায়, গত ১ অক্টোবর হাটহাজারীতে অনুষ্ঠিত হাইয়াতুল উলয়ার বৈঠকে প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা দেয়া হবে বলে নির্ধারিত হয়। কিন্তু হাইয়াতুল উলয়ার কেউ কেউ সোহরাওয়ার্দি উদ্যানে সংবর্ধনা অনুষ্ঠান করতে আগ্রহী। তাই এ বিষয়ে নতুন করে আলোচনা করা হবে।

আগামী সোমবার হাইয়াতুল উলয়ার চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিতে যাবেন বলেও জানা গেছে। আগামীকালের মিটিংয়েই চূড়ান্ত হবে চেয়ারম্যানের সঙ্গে আর কে কে যাবেন প্রধানমন্ত্রীকে সংবর্ধনার দাওয়াত দিতে।

এছাড়াও বৈঠকে হাইয়াতুল উলয়ার নিজস্ব ভবন নির্মাণের জন্য ভূমিক্রয় সংক্রান্ত আলোচনাও হবে। হাইয়াতুল উলয়ার ভবন নির্মাণের জন্য প্রাথমিকভাবে কিছু জমিও দেখা হয়েছে।

ভবন নির্মাণ ও ভূমিক্রয় সংক্রান্ত উপ-কমিটির সদস্য মুফতি মোহাম্মদ আলী ইসলাম টাইমসকে জানিয়েছেন, আমরা ঢাকার মধ্যেই হাইয়াতুল উলয়ার জন্য জমি দেখছি। এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে কয়েকটি জমি দেখা হয়েছে আগামীকালের বৈঠকে তা কমিটির কাছে উত্থাপন করা হবে।

কোনো সরকারি অনুদান ছাড়া সম্পূর্ণ নিজস্ব অর্থায়নের হাইয়াতুল উলয়ার ভূমি ক্রয় ও ভবন নির্মাণ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তি সংবাদজন্মনিয়ন্ত্রণ নীতি নিয়ে বিপাকে দক্ষিণ কোরিয়া!
পরবর্তি সংবাদক্ষমতায় গেলে ৭ দিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করবে বিএনপি -মওদুদ