ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে তা জনতার মতামতের উপর ছেড়ে দিতে চাইছেন চাইছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের দাবি করলেই যে তা সুষ্ঠু হয়ে যাবে, এমন কথা কোথাও নেই। জনতার চোখ বলে একটি কথা আছে, আমাদের ও আপনাদের সবার কর্মকাণ্ড জনতার চোখে পরীক্ষিত হবে।’
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে আসন্ন ঢাকার দুই সিটির নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করার বিষয়ে আমি সবসময় গুরুত্বারোপ করেছি। এই গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অবশ্যই দৃশ্যমান হতে হবে।
নির্বাচন কমিশনার হিসেবে নিজের দুই বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, আমার দুই বছরের অভিজ্ঞতায়, বিভিন্ন প্রতিবেদনে বিশেষত, নিজস্ব পর্যবেক্ষকদের প্রতিবেদনে সাধারণত কোনো নেতিবাচক বিষয় লিপিবদ্ধ করার বিষয়ে আমরা দ্বিধান্বিত। সবাই যেন কাগজে-পত্রে গা বাঁচিয়ে চলতে চান।
কোনো কোনো গণমাধ্যমে নির্বাচন কমিশন নিয়ে ইসি মাহবুব তালুকদারের বিপরীতমুখী বক্তব্য নিয়ে প্রতিবেদন হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কেউ তথ্য-উপাত্ত দিয়ে আমার কথার বিরোধিতা করতে পারেন তা হলে আমি খুশি হব। আমি মনে করি, নির্বাচনে প্রকৃত চিত্রটি সব প্রতিবেদনে উঠে আসা উচিত।’
ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
















