ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি দেশে-বিদেশে চিঠি পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপি দেশে-বিদেশে চিঠি দিয়ে এই নির্বাচনকে অবৈধ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে অভিহিত করার যে অপচেষ্টা চালিয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে। সারা দুনিয়ার গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন। বিএনপির একাই শুধু এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।’
শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের দ্বিতীয় কাচঁপুর সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি এখন যদি বিচ্ছিন্নভাবে আন্দোলনে নামে বা এ ধরনের উদ্যোগ নেয়, জনগণ সাড়া দেবে না। বিএনপির নেতিবাচক রাজনীতি একদিকে বিদেশে তাদের বন্ধুহীন করবে, অন্যদিকে দেশের মাটিতে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।’
বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ না করা কোনও রাজনেতিক দলের জন্য শুভকর নয়। নিবার্চন ছাড়া কোনও রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব বজায় থাকে না। দশটি বছর চলে গেছে কোনও আন্দোলন করতে পারেনি। এখন দেশে আন্দোলনের বস্তগত কোনও পরিস্থিতি নেই। এই অবস্থায় জনগণ কেন বিএনপির ডাকে রাস্তায় নামবে?’
উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সম্পর্কে ওবাদুল কাদের বলেন, ‘জাতীয় সংসদ নিবার্চনে দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এবারই এতো কমসংখ্যক বিদ্রোহী প্রার্থী ছিল। উপজেলা নির্বাচনে দলের বাইরে গিয়ে যাতে কেউ বিদ্রোহী প্রার্থী হতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে।’
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কাচঁপুর, মেঘনা ও মেঘনা-গোমতি সেতুর প্রকল্প পরিচালক আবু সালেহ মো. নুরুজ্জামান, কাচঁপুর সেতুর ম্যানেজার (এডমিন) নাসির উদ্দিন আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেনসহ অনেকে।
















