ইসলাম টাইমস ডেস্ক: নারী নির্যাতন আইনের মতো পুরুষ নির্যাতন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশন (বিএমআরএফ)।
রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা এই দাবি জানান।
মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, ‘নির্যাতন ও যৌতুকের মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করে ঘরে ও বাইরে পুরুষদের নির্যাতন করা হচ্ছে’।
মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুর আলম বলেন, ‘২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথম পুরুষ নির্যাতনের প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। আজও একই প্রতিবাদে যখন দাঁড়িয়েছি ততদিনে পুরুষ নির্যাতন অনেক বেড়ে গেছে। পুরুষরা ঘরে ও বাইরে নির্যাতনের শিকার হলেও আত্মসম্মানের ভয়ে কিছু প্রকাশ করতে পারেন না’।
তিনি আরও বলেন, ‘আমরা পুরুষ নির্যাতনের দাবি তুলছি, এর মানে এই নয় যে, আমরা নারী নির্যাতনকে সমর্থন করি। তবে পরকীয়াজনিত কারণ ও অবাধ্য স্ত্রীকে শাসন করতে গেলেই স্বামীর বিরুদ্ধে যেসব স্ত্রীরা মিথ্যা নির্যাতন ও যৌতুকের মামলা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরকীয়া বন্ধে দণ্ডবিধির ৪৯৭ নম্বর ধারারও সংশোধন করতে হবে’।
মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রাশেদুজ্জামান বলেন, শাস্তির বিধান না থাকার কারণে নারীরা পরকীয়ায় উৎসাহিত হচ্ছে’।
মানববন্ধনে পুরুষ নির্যাতন বন্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৭ ধারা সংশোধনের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান রাশেদুজ্জামান। এছাড়াও মানববন্ধনে উপস্থিত বক্তারা ৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পুরুষ নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা এবং চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যায় প্ররোচনাকারী স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ডিভোর্সের পর কেন যৌতুক ও নির্যাতনের মামলা হচ্ছে তা খতিয়ে দেখারও আহ্বান জানান তারা।
















