ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘নিরীহ জনগণকে কোনও ধরনের হয়রানি করবেন না। প্রয়োজনে তারা হয়রানির শিকার হলে ও বিপদে পড়লে সহযোগিতা করুন।’
এ সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ ২০১৯’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ বাহিনীকে হতে হবে জনবান্ধব। পুলিশের ওপর জনগণ যেন আস্থা রাখতে পারে সেভাবে সে লক্ষ্যে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা পুলিশকে বহুমুখীভাবে গড়ে তুলেছি, যাতে সর্বক্ষেত্রে মানুষ সুবিধা পায়। আমরা নতুন নতুন বিভাগ গড়ে তুলেছি। নতুন থানা, রেঞ্জ, র্যাব কার্যালয় গড়ে তুলেছি মানুষকে সেবা দেওয়ার জন্য। তাছাড়া পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য সারাদেশে ৩০টি ট্রেনিং সেন্টার খোলা হয়েছে। আমরা পুলিশদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে বেশি গুরুত্ব দিচ্ছি।’
















