ইসলাম টাইমস ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে একটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার (মাওনা সিএনজি) পাম্পের সামনে একটি কাভার্ডভ্যান মোটর সাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে তৎক্ষণাত মোটর সাইকেল আরোহীরা নিহত হন।
নিহতরা হলেন- নেত্রকোনার শ্যামগঞ্জ উপজেলার সালদিগা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুমন (২৬) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মনতলা গ্রামের মরমেশ আলীর মেয়ে শরীফা আক্তার (২২)।
সুমন পরিবারসহ স্থানীয় ফরিদপুর গ্রামের আফাজ উদ্দিন মুন্সির বাড়ীতে ভাড়া থেকে জৈনা বাজারের মাংস ব্যবসা করত এবং শরিফা বোনের সঙ্গে ফরিদপুর গ্রামে ভাড়া থেকে নয়নপুরের ডেকু পোশাক কারখানার চাকুরি করত।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, সুমন শরিফাকে নিয়ে মুঠোফোন মেরামতের জন্য মোটরসাইকেলে মাওনা চৌরাস্তায় আসছিল। এ সময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে চাপা দিলে তারা সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।
















