সাদ আবদুল্লাহ মামুন ।।
আজ থেকে টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমার কাজ শুরু হয়েছে। আগামী কাল বাদ ফজর থেকে কাজ চলবে পুরো দমে।
জানা গেছে, বুধবার মাগরিবের পর মন্ত্রী মেয়র ও প্রশাসনের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে ইজতেমার মাঠে কাজের শুরু হয়। এ সময় মাঠে একটি বাঁশ গেড়ে কাজের সূচনা করেন আলমী শুরা ও ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত তাবলিগের সাথীরা। দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।
এ সময় সেখানে প্রশাসনের সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান, ডা. শাহাবুদ্দীন, ইঞ্জিনিয়ার মিসবাহ, ভাই মোস্তফা, মাওলানা লেহাজুদ্দীন, কেরানিগঞ্জের হাজী সেলিম প্রমুখ।
গত কাল মঙ্গলবার রাত থেকেই আলমী শুরার অনুসারী তাবলিগের মুরুব্বি ও ওলামায়ে কেরামের সাথে ইজতেমার দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম ও পুলিশ কর্মকর্তাদের আলোচনা হয়। ইজতেমা ময়দানের কাজ ও শৃংঙ্খলা বিষয়ে সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়। সে হিসেবে আজ বুধবার সন্ধ্যায় তাবলিগ জামাতের উভয় পক্ষের মুরুব্বিদের নিয়ে বৈঠক শেষে ইজতেমার মাঠের কাজ শুরু করা হয়।
আলমী শুরার অনুসারী ও সাদ বিরোধী, ইজতেমা ময়দানের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানা গেছে, প্রথম পর্যায়ে ইজতেমার কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে যাবে। উভয় পক্ষের সাথীদের মিলেমিশে ময়দানের প্রস্তুতির কাজ করলে বিরোধ ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় শুধু আলমী শুরার তাবলিগের সাথীরা ময়দান প্রস্তুতের খেদমতে যুক্ত থাকবে। ইজতেমার আগে সাদপন্থীদের ময়দানে যাওয়ার কোনো বিষয় থাকবে না।
আরও পড়ুন : ইজতেমা মাঠের কাজ শুরু হচ্ছে শিগগির, দ্বিধাদ্বন্দ্ব ভুলে ময়দানে শরিক হওয়ার আহ্বান মুরব্বিদের
















