‘ঢাকা শহর যেন লস অ্যাঞ্জেলেস’, তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ‘শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে বদলে গেছে দেশ। আকাশ থেকে ঢাকা শহরকে লস অ্যাঞ্জেলেস মনে হয়,’ বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের উন্নতি প্রসঙ্গ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন খালি পায়ে মানুষ দেখা যায় না। ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। এখন আকাশ থেকেও কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না। কবিতায় কুঁড়েঘর আছে, বাস্তবে কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না।

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের শীর্ষ নেতা হাসান শাহরিয়ারের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ওমর ফারুক, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ।

 

পূর্ববর্তি সংবাদপ্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করায় পুলিশের এএসআইকে কারাদণ্ড
পরবর্তি সংবাদপঞ্চগড়ে কাদিয়ানিদের ঈমানবিধ্বংসী কার্যক্রম বন্ধ করতে হবে: আল্লামা বাবুনগরী