৯ বছর পর ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল, ডাকসু নির্বাচন ৩ মাস পেছানোর দাবি

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রায় নয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আরও ৩ মাস পেছানোর দাবি তারা এই মিছিল বের করে।

আজ বৃহস্পতিবার সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে জড়ো হন। ভিসি বরাবর স্মারকলিপি দিয়ে সেখান থেকে বেরিয়ে মিছিল বের করেন তাঁরা। মিছিলটি টিএসসি হয়ে শাহবাগের দিকে চলে যায়।

স্মারকলিপিতে ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ তৈরির দাবিও জানানো হয়।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ মুহূর্তে নির্বাচনের পরিবেশ নেই৷ পরিবেশ নিশ্চিত করার জন্য সময় দরকার। বর্তমান পরিবেশে নাটক মঞ্চস্থ হতে পারে, নির্বাচন নয়। তাই আমরা নির্বাচন পেছানোর দাবি জানিয়েছি। তবে উপাচার্যের বক্তব্যে আমরা আশাহত হয়েছি। অন্য যেসব দাবি আমরা জানিয়েছি, সেগুলোর ক্ষেত্রেও উপাচার্য আমাদের আশ্বস্ত করেননি।’

স্মারকলিপিতে আরও দাবি জানানো হয়েছে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গঠিত নির্বাচন পরিচালনা ও উপদেষ্টা কমিটিগুলো পুনর্গঠন করে এগুলোতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের অন্তর্ভুক্তি, ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্যের ক্ষমতায় ভারসাম্য এনে যেকোনো সিদ্ধান্ত সভাপতি ও ছাত্র সংসদের যৌথ সিদ্ধান্তে নেওয়া এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের নিরাপত্তা, আগের হামলা ও নির্যাতনগুলোর বিচার ইত্যাদি।

উল্লেখ্য, ২০১০ সালে জানুয়ারি মাসে ছাত্রদল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। ওই বছরের ১৮ জানুয়ারি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করলে ছাত্রলীগের হামলার মুখে পড়ে। এতে সে সময়ের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এরপর আর ছাত্রদলকে ক্যাম্পাসে মিছিল করতে দেখা যায়নি।

পূর্ববর্তি সংবাদহাজার কোটি টাকার দুর্নীতি রেখে শিক্ষকদের নিয়ে ব্যস্ত দুদক : হাইকোর্ট
পরবর্তি সংবাদএরশাদ হঠাৎ গিয়েছিলেন বনানী অফিসে