গণধর্ষক হত্যাকারী হারকিউলিসের রহস্য উদ্‌ঘাটন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক:  গণধর্ষক হত্যাকারী অজ্ঞাত ‘হারকিউলিস’ নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, হারকিউলিস নামে যে বা যারা ধর্ষণকারীদের হত্যা করছে, তদন্ত করে তার রহস্য উদ্‌ঘাটন করা হবে। এভাবে হত্যা করা অন্যায়। ধর্ষণকারীদের আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল।

রাজধানীর লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার সকালে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ধর্ষণ জঘন্য অপরাধ। ধর্ষকেরা সমাজের শত্রু। তবে তাদের এই কায়দায় হত্যার নিন্দা জানাচ্ছি। হারকিউলিস নামে যারা হত্যা করছে, তারা ভালো কাজ করছে না। এটা আইনসম্মত নয়।’

হারকিউলিসের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সূত্র পাওয়া গেছে কি না? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে কয়েকটি ঘটনা ঘটেছে সেগুলো আমরা দেখছি। নিশ্চয় কিছু না কিছু পাব।’

এসময় সাংবাদিকদের প্রশ্নে জবাবে নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা রহস্য উদ্ঘাটনেরও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তি সংবাদসৌদির সঙ্গী হয়ে ইয়েমেনে যুদ্ধ করবে না মরক্কো
পরবর্তি সংবাদকাদিয়ানি ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যাপক বিক্ষোভ