ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টকে ২৪ অক্টোবরও সিলেটে সমাবেশ করার অনুমতি দেয়নি সিলেট মহানগর পুলিশ। জনস্বাথের কথা বিবেচনা করে তাদের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আব্দুল ওয়াহাব।
এদিকে দ্বিতীয় দফায় আবেদনের পরেও সমাবেশের অনুমতি না পাওয়ায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। তবে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা ওইদিন সিলেটে মাজার জিয়ারত করতে আসবেন ধরে নিয়ে তাদের সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের তৎপর থাকার আহ্বান জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।
আগামী ২৪ অক্টোবর হযরত শাহজালাল রহ.-এর মাজার জিয়ারত ও সিলেট সমাবেশের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু করার কথা রয়েছে। এর আগে ঐক্যফ্রন্টের তরফ থেকে ২৩ অক্টোবর সফরের ঘোষণা দেওয়া হলেও পুলিশ অনুমতি না দেওয়ায় কর্মসূচি একদিন পেছানো হয়। এরপর ২০ অক্টোবর সিলেট বিএনপির একটি প্রতিনিধি দল গতকাল ২১ অক্টোবর সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে ২৪ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন। দুই ঘণ্টা পরে তাদের জানানো হয় অনুমতি দেওয়া হবে না। ফলে সমাবেশ করতে না পারলেও সিলেটে মাজার জিয়ারত করতে আসবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
















