ইসলাম টাইমস ডেস্ক: বিনা দোষে তিন বছর কারাগারে আটক করে রাখার জন্য জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাহালমের জন্য ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধনে এ দাবি করেন সংগঠনটির নেতারা।
সংগঠনটির নেতারা বলেন, দ্রুত জাহালমকে এ ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন করা হবে।
মানববন্ধনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, আর যেন জাহালমের মতো নির্দোষ কাউকে গ্রেফতার করে হয়রানি না করা হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, আমরা বিশ্বাস করি, অসংখ্য জাহালম, বাংলাদেশের কারাগারে পচে মরছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, জাহালম দুদকে হাজিরা দিয়েছেন, আদালতে হাজিরা দিয়েছেন, অনেকগুলি পর্যায়ের পর জাহালমকে জেলে যেতে হয়েছে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা সালেহ আহমেদ, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, এস এম এ সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার শামছী, অর্থ সম্পাদক মামুনুর রশীদ ও পারভেজ হাসেম।
প্রসঙ্গত, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু দুদকের ভুলে সালেকের বদলে তিন বছর কারাগারে কাটাতে হয়েছে টাঙ্গাইলের জাহালমকে।
















