ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : বেফাক

ইজতেমায় টাইমস ডেস্ক : আসন্ন ইজতেমায় উলামায়ে কেরাম ও মাদরাসার ছাত্র-শিক্ষকদের ব্যাপক অংশগ্রহণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক। আজ বোর্ডের মজলিসে শুরা ও আমেলার এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

সাথে সাথে আসন্ন ইজতেমার কোনো পর্বে ভারতের বিতর্কিত তাবলিগি মুরব্বি যেন অংশগ্রহণ করতে না পারে সেই বিষয়ে সরকারকে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন বেফাকের শীর্ষ মুরব্বিরা। তারা বলেছেন, মাওলানা সাদের বিভ্রান্তিগুলো সংশোধনের পূর্বে কোনোভাবেই তার অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মানুষ তাকে বাংলার মাটিতে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেবে না।

বেফাকের বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সূত্র ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আজ ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত বেফাক অফিসে আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে বেলা ২টায় তা শেষ হয়।

বৈঠকে বেফাকের শুরা ও আমেলা সদস্যরা ছাড়াও ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী মাদরাসার প্রিন্সিপালরাও অংশগ্রহণ করেন।

সূত্র জানান, মূলত গত ৮ ফেব্রুয়ারি বেফাকের নির্দেশনাই চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর সাথে দুটি বিষয়ে যুক্ত হয়েছে। তাহলো, ১. ইজতেমার কোনো পর্বে যেন মাওলানা সাদ অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা।

২. অবিলম্বে পঞ্চগড়ের কাদিয়ানি বন্ধ করা হোক -সরকারের কাছে এই দাবি জানানো।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে একই ইস্যুতে বেফাকের আরেকটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে থেকে তাবলিগ বিষয়ে ৫টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়। তাহলো,
ক. ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইজতেমার সঙ্গে বেফাক তথা উলামায়ে কেরাম একমত পোষণা করেন।

খ. ইজতেমা সফল করতে প্রতিবারের মতো এবারও মাদরাসার ছাত্র-শিক্ষক ও সাধারণ মুসলমান ইজতেমার প্রস্তুতির কাজে সুযোগ মতো অংশগ্রহণ করবেন।

গ. ইজতেমা সফল করতে ইমামরা নিজ নিজ অবস্থানে থেকে চেষ্টা করবেন। মসজিদের আলোচনায় তারা ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ ফজর থেকে বয়ান শুরু হওয়ার এবং ১৬ ফেব্রুয়ারি শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হওয়ার বিষয়টি মুসল্লিদেরকে জানাবেন।

ঘ. আগামী রোববার বেফাকের আমেলার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আমেলার সদস্যরা ছাড়াও ঢাকা ও তার আশেপাশের সব মাদরাসার মোহতামিমরা অংশগ্রহণ করবেন।

ঙ. ইজতেমার সাফল্যের জন্য সর্বস্তরের মুসলমান আল্লাহর দরবারে বেশি দোয়া ও সালাতুল হাজাতের আমল করবেন।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮১ ঘর পুড়ে ছাই
পরবর্তি সংবাদসংবিধান লঙ্ঘনকারীরা দেশের উন্নয়ন বাদ দিয়ে নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিলো : প্রধানমন্ত্রী