ইসলাম টাইমস ডেস্ক: ইউরোপীয় কমিশন সৌদি আরব, পানামা, নাইজেরিয়াসহ বেশ কয়েকটি দেশকে কালো তালিকাভুক্ত করেছে । কারণ সংস্থাটি মনে করে, সন্ত্রাসবাদ অর্থায়ন রোধে শিথিলতা ও মুদ্রা পাচারের মাধ্যমে এদেশগুলো ঝুঁকি তৈরি করছে। রয়টার্স
ইউরোপের ব্যাংকগুলোতে ঘটা বিভিন্ন কেলেঙ্কারির পর মুদ্রাপাচার বিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এ পদক্ষেপের সমালোচনা করেছে ইইউ’র বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র। কালো তালিকাভুক্ত দেশ বিশেষ করে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক থাকায় যুক্তরাজ্য ইউরোপীয় কমিশনের এ সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে।
প্রস্তাবিত এ তালিকাকে স্বীকৃতি দিতে জোটভুক্ত ২৮টি দেশ সর্বোচ্চ দুই মাস সময় পাবে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চাইলে তারা তালিকাটিকে প্রত্যাখ্যানও করতে পারে। ইইউ-র বিচার বিষয়ক কমিশনার ভেরা জোরুভা নতুন এ তালিকাটি প্রস্তাব করেছেন।
আরো পড়ুন: পুরুষ অভিভাবকত্ব আইন বাতিল করতে সৌদিকে ইইউর চাপ প্রয়োগ
সদস্য দেশগুলো একে খারিজ করবে না বলেও মনে করেন তিনি। “ব্যাংকিং সেক্টরে ঝুঁকি দাবানলের মতো ছড়িয়ে পড়ায় পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে,” বলে মন্তব্য করেছেন তিনি। ইইউ’র এ সংক্রান্ত আগের কালো তালিকায় ১৬টি দেশ ছিল।
















