ইজতেমা থেকে জামাত বের হয়েছে ১৬শ, সর্বোচ্চ সংখ্যক ময়মনসিংহ থেকে

আবরার আবদুল্লাহ ।।

আজ আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা ২০১৯ সমাপ্তি হয়েছে। এবারের ইজতেমা থেকে প্রায় ১৬০০ জামাত আল্লাহর রাস্তায় বের হয়েছে এবং বরাবরের মতো এবারও সর্বোচ্চ সংখ্যক বের হয়েছে ময়মনসিংহ জেলা থেকে।

তাশকিলের কামরার দায়িত্বশীল প্রফেসর মুহাম্মদ শরীফ ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ইসলাম টাইমসকে বলেন, এবার ইজতেমায় প্রায় ষোলশো জামাত আল্লাহর রাস্তায় বের হয়েছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী এটা অনেক কম। তবুও চলমান সংকট ও অনিশ্চয়তার মধ্যেও যে এতোগুলো জামাত বের হয়েছে এতে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি।

তিনি জামাত কম হওয়ার কারণ হিসেবে ইজতেমার তারিখ পরিবর্তন, দুই পক্ষের চলমান সংকট, ইজতেমা ঘিরে নানা ধরনের অনিশ্চয়তার কথা জানান।

প্রফেসর শরীফ আরও জানান, গত ১৮ জানুয়ারি ইজতেমার যে তারিখ নির্ধারণ করা হয়, তখন সারা দেশে অনেকগুলো জামাত তৈরি হয়। ইজতেমা না হলেও আমরা জামাতগুলো আল্লাহর রাস্তায় বের হয়ে যেতে বলি। সে সময় ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় ছয়শো জামাত আল্লাহর রাস্তায় বের হয়। সে হিসেবে এ বছরের ইজতেমায় জামাত বের হয়েছে বাইশশোর মতো।

তার ভাষ্য মতে, ময়মনসিংহ জেলা থেকে সর্বোচ্চ ১৪৫টি জামাত বের হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভোলার সাথীরা। তাদের জামাতের সংখ্যা ১১৫টি এবং ১০৮টি জামাত নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা।

অন্যদিকে নির্ধারিত সময়ের আগেই মাঠ ত্যাগ করার নির্দেশনা আসায় সাথীদের অসুবিধায় পড়তে হচ্ছে বলেও জানিয়েছেন প্রফেসর শরীফ। তিনি বলেন, সাথীরা প্রস্তুত হয়ে বের হতে পারছেন না। তাদের অনেকেই মাঠ থেকে বের হয়ে রাস্তা-ঘাটে অবস্থান করছেন। কেউ আবার অস্থায়ীভাবে টঙ্গীর বিভিন্ন মসজিদেও অবস্থান করছেন। গাড়ি ঠিক হলে সেখান থেকে আল্লাহর রাস্তায় বের হবেন তারা।

পূর্ববর্তি সংবাদতারা অনুমান করে কিছু বলতে চায় না
পরবর্তি সংবাদকাশ্মির হামলায় তদন্ত না করেই পাকিস্তানকে দোষারোপ করা ঠিক নয়: মমতা