ইসলাম টাইমস ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ফেনী জেলার ফুলগাজী আশ্রাফিয়া মাদরাসার মোহতামিম ও শায়খুল হাদিস মুফতি হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মুফতি হাবিবুর রহমান ছিলেন দেশের একজন খ্যাতনামা সাহসী আলেম ছিলেন। ইসলামের স্বার্থরক্ষায় তিনি সব সময় সোচ্চার ছিলেন।
আজ হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর খলিফা এবং ইদ্রিস কান্ধলভী রহ.-এর সুযোগ্য শাগরেদ মুফতি হাবিবুর রহমান আজীবন ইসলামের খেদমত করে গেছেন। তিনি হেফাজতে ইসলামের নাস্তিক বিরোধী আন্দোলনের সময়ও সাহসী ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
তিনি বলেন, মুফতি হাবিবুর রহমানের ইন্তেকালে আমরা একজন বুযুর্গ আলেমকে হারালাম। তিনি দ্বীনি শিক্ষা বিস্তারে অনেক অবদান রেখেছেন। নিজের সাত সন্তানকে কুরআন হাদিসের শিক্ষা দিয়ে আলেম বানিয়েছেন। তিনি ফেনীর কওমি মাদরাসাসমূহের অন্যতম মুরুব্বি ছিলেন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ তাঁকে সম্মান করতেন।
আল্লামা বাবুনগরী বলেন, আমরা মরহুমের শোকাহত পরিবারের সকল সদস্যদের সমবেদনা জনাই, দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের সবরে জামিল দান করেন। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন মরহুমের নেক আমলগুলো কবুল করেন এবং তাকে ক্ষমা করেন। তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন।
















