ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে একটি বস্তিতে ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মর্মান্তিকভাবে আটজনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে ভেড়ামার্কেট বস্তির অন্তত দুইশ’ কাঁচা ঘর।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শহরের খাতুনগঞ্জের চাকতাই এলাকায় ভোর সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে নিহতদের সাতজনই দুটি পরিবারের সদস্য বলে জানিয়েছে দমকল বাহিনী।
অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের স্থানটিতে অনেক বৈদ্যুতিক খোলা তার পড়ে ছিল। এসব তার থেকেই আগুনের সূত্রপাত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আগুনের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের নির্দেশে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
তাদের দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ জানানোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
এছাড়া অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেককে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ এবং যাদের ঘর পুড়ে গেছে তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।
















