ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাসারী মাদানীনগর নুরবাগ এলাকায় একই পরিবারের পাঁচ সদস্যের নিখোঁজ হওয়া নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। নিখোঁজ হওয়ার পর পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে কোনো উদ্বেগ দেখা না দেওয়ায় এ ধুম্রজাল তৈরি হয়।
জানা যায়, মাদানীনগর নুরবাগ এলাকায় একটি বাড়ি থেকে এক গার্মেন্ট কর্মকর্তার স্ত্রী, দুই মেয়ে এবং ভায়রার মেয়ে ও ছেলেসহ মোট ৫ জন নিখোঁজ হয়েছেন।
এই ঘটনায় ভুক্তভোগী গার্মেন্ট কর্মকর্তা জামাল সরদার গত বুধবার (১৩ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি (নং-৬৯২) দায়ের করেছেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, গার্মেন্ট কর্মকর্তা জামাল সরদারের স্ত্রী নিপা (৩০), মেয়ে আশামনি (১১), প্রিয়া মনি (৪) ও তার ভায়রার মেয়ে সুমাইয়া (১৪) ও শালার ছেলে আজিম (৭)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজ গণমাধ্যমকে বলেন, নিখোঁজের জিডি পাওয়ার পরপরই আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গৃহবধূ নিপার অবস্থান শনাক্তের চেষ্টা করি। তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখা গেছে, গৃহবধূ নিপা গাড়ি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছেছেন। তার সর্বশেষ লোকেশনও ব্রাহ্মণবাড়িয়া।
“আমরা ওই গৃহবধূর মায়ের সঙ্গেও কথা বলেছি। তিনি উল্টাে আমাদেরকে বলছেন- আপনারা কেন কল করেছেন। আমার মেয়ে জামাইকে কল করতে বলেন। তাদের মেয়ে নিখোঁজ হলে তাদের মধ্যে যে ধরনের উদ্বিগ্ন ভাব থাকার কথা তেমনটি ছিল না।
“এছাড়া আমরা ওই এলাকার ইউপি চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছি। আমরা শুনেছি স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক গত কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না। সে কারণে আমরা ধারণা করছি ওই গৃহবধূ হয়তো রাগ করে বাবার বাড়ি চলে গেছে।
“এছাড়া ঘটনার এক সপ্তাহ হয়ে গেলেও নিখোঁজের স্বামী ছাড়া আর কেউ থানায় কোন ধরনের অভিযোগ করেনি। নিখোঁজদের সন্ধানে আমাদের চেষ্টার কোন ত্রুটি ছিল না।
















