ইসলাম টাইমস ডেস্ক: শিক্ষার্থীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা মনে কর প্রশাসন দায়িত্ব পালন করবে। তোমাদের ট্যাক্সের পয়সায় তারা লালিত পালিত হয়। সমস্যা হয়ে গেছে, প্রশাসনের কিছু লোক মনে করে তারা জনপ্রতিনিধিদের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে গেছে। আর তোমরা ছাত্ররা চুপ হয়ে গেছ। শুধু বইয়ের পড়া পড়লে চলবে দেশের পড়া পড়তে হবে না। দেশকে ভালোবাসতে হলে রাজনীতি করতে হবে না।
আজ রবিবার দুপুরে সরকারি তোলারাম কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিতে চাই না। এটা আমার জন্য গুনাহের কাজ হবে। আমি তোমাদের বন্ধু হিসেবে সহযাত্রী হিসেবে বলতে চাই- তোমরা ঘুমিয়ে গেছ, তোমরা ফার্মের মুরগির মতো হয়ে গেছ। প্রতিবাদ করতে জানো না। তোমরা চোখের সামনে অন্যায় দেখো কিন্তু প্রতিবাদ করো না। যেদিন ছাত্রসমাজ প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলবে সেদিন সে তার ভবিষ্যৎ হারিয়ে ফেলবে। ভালো রেজাল্ট করবে, কিন্তু এরপর কী হবে। তুমি যদি অসহায় হয়ে যাও সাধারণ মানুষের জন্য কথা বলবে কে? দেশের মানুষের জন্য কথা বলবে কে? শামীম ওসমান অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ করবে কে?
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম ওসমান আরও বলেন, সকল অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে ছাত্রসমাজকেই প্রতিবাদ করতে হবে। আমি বিশ্বাস করি তোলারাম কলেজের ছাত্ররা যদি রাস্তায় নামে তাহলে নারায়ণগঞ্জে মাদক, ইভটিজিং, ধর্ষণ, চাঁদাবাজি কোন কিছুই থাকবে না। ‘তোমরা রাস্তায় নামলে কোনো মায়ের সন্তান মাদক বিক্রি করতে পারবে না। তোমরা মনে করলে কোন ইভটিজিং থাকবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ মো. আমিনুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক জীবন কৃষ্ণ মোদক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর শিরীন বেগম, এহসানুল হক নিপু, সাফায়েত আলম সানী, আজিজুর রহমান, হাবিবুর রহমান রিয়াদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
















