ইসলাম টাইমস ডেস্ক : সরকারের উপর চকবাজার ট্রাজেডির দায় রয়েছে স্বীকার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুরান ঢাকার চকবাজার ট্র্যাজেডির দায় সরকার এড়িয়ে যেতে পারে না। তবে সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না। ভবিষ্যতে এমন ঘটনা রোধ করার জন্য সরকার কাজ করছে।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে এসে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এ ঘটনায় সরকার দায় এড়াতে পারে না। নিমতলির ঘটনার পর কেমিক্যাল গোডাউন সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ক্লোজ মনিটরিংয়ের অভাব ছিল। তাই এখানে আবার গোডাউন করা হয়েছে।
তিনি আরও বলেন, এখানে জীবিকার চেয়ে জীবনের ঝুঁকি বেশি। তাই এখানে কেমিক্যাল গোডাউন থাকতে দেওয়া হবে না। ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কেমিক্যাল গোডাউন না থাকে।
















