আবরার আবদুল্লাহ ।।
ফিলিপাইনে নবগঠিত মুসলিম বাংশোমারো স্বায়ত্বশাসিত অঞ্চলের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন মুসলিম নেতারা। মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টসহ স্বাধীনতা সংগ্রামে জড়িত সংগঠনগুলোর শীর্ষ ৮০ নেতার হাতে এই অঞ্চলের দায়িত্ব তুলে দেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রাদ্রিগো দুয়ার্তে। এর আগে তারা বাংশোমারো অঞ্চলের প্রশাসক হিসেবে শপথ গ্রহণ করেন।
নতুন শপথ নেওয়া এই ৮০ জন প্রশাসক ও সরকারের ৪০ প্রতিনিধি ২০২২ সাল পর্যন্ত বাংশোমারোর সার্বিক দায়িত্ব পালন করবেন। ২০১১ সালে বাংশোমারোর সাধারণ নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা এই অঞ্চলের দায়িত্ব গ্রহণ করবেন।
প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মুসলিম নেতাদের নেতৃত্ব দেন মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের প্রধান হাজি মুরাদ ইবরাহিম।
তবে যে শান্তিচুক্তি আওতায় তারা বাংশোমারো অঞ্চলের দায়িত্ব লাভ করেছেন তারই অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই ১২ হাজার মোরো যোদ্ধাকে অস্ত্রসহ আত্মসমর্পণ করতে হবে। হাজার হাজার গেরিলা যোদ্ধাকেও নিরস্ত্র করতে হবে। শর্ত হলো, ফিলিপাইন সরকার তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করবে না।
দুয়ার্তে বলেন, আমরা যুদ্ধ-সংঘাতের অবসান চাই। শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চাই। বিগত দিনে রক্ত ও মৃতদেহ আমাদের সেই পথে বাধা প্রদান করছিলো।
১৯৭০ সাল থেকে স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে মোরো মুসলিমরা। এই দীর্ঘ সংগ্রামে কমপক্ষে ১ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছে।
মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের মুখপাত্র বিন আল হক বলেন, যে স্বপ্নের জন্য আমরা সংগ্রাম করছিলাম তা পূরণের পথে। তাই আমাদের আর অস্ত্রবহনের প্রয়োজন হবে না।
ধারণা করা হয়, মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের অধীনে ৪০ হাজার নিয়মিত সৈনিক এবং ৭ হাজার সশস্ত্র সৈনিক রয়েছে।
সূত্র : ডেইলি সাবাহ
















