ইসলাম টাইমস ডেস্ক : ভারতের আসামে বিষাক্ত মদ পান করে ৬৯ ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা সবাই পেশায় চা শ্রমিক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও শতাধিক ব্যক্তি। নিহতদের মধ্যে মদ বিক্রেতা নিজে ও তার পরিবারের ২ সদস্যও রয়েছেন।
গত ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সাপ্তাহিক মজুরি পাওয়ার পর চা শ্রমিকরা ওই বিষাক্ত চোলাই মদ পান করেন। এরপর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তারা।
চোলাই মদ পানে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকরা বলছেন, মদের বিষক্রিয়ার ফলে এই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। বিষক্রিয়ার কারণ নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর ওই এলাকা থেকে অবৈধ মদ প্রস্ততকারক ফ্যাক্টরির কয়েকজনকে আটক করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
















