জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ : নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক: জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তোফাজ্জল হোসেন ওয়াজেদ (৩৭) নামে এক মাদক কারবারী নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ক্ষেতলাল উপজেলার টাওশারা গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, গুলির খোসা, ম্যাগজিন ও বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

নিহত মাদক ব্যবসায়ী জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার স্থায়ী বাসিন্দা।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার আজমল হোসেন জানান, ক্ষেতলাল উপজেলা শহরে র‌্যাবের একটি দল টহল ডিউটিতে ছিল।

এসময় টাওশারা গ্রামে ৪/৫ জনের একটি চক্র ‘মাদক কেনাবেচা করছে’ এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুড়তে থাকে।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তোফাজ্জল হোসেন ওয়াজেদ নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওয়াজেদের বিরুদ্ধে জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মাদক, ছিনতাই ও চোরাচালানির মামলা রয়েছে।

পূর্ববর্তি সংবাদরাজধানীতে টিপ টিপ  বৃষ্টি
পরবর্তি সংবাদযশোরের দৌলতপুর সীমান্তে  ৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১