ইসলাম টাইমস ডেস্ক: যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ শামীম হোসেন (৩০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দৌলতপুর সীমান্ত থেকে সোনাসহ শামীমকে আটক করা হয়।
উদ্ধার কৃত সোনার আনুমানিক দাম সোয়া কোটি টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান দৌলতপুর সীমান্তের দিকে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল দৌলতপুর গ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালায়।
এসময় শামীম নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তার শরীরে লুকিয়ে রাখা আড়াই কেজি ওজনের ৬টি বার পাওয়া যায়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ জানান, শামীমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
















